সাইবার অপরাধের অভিযোগে শ্রীলঙ্কায় ২৩০ চীনা নাগরিক গ্রেফতার

১৬ অক্টোবর, ২০২৪ ১১:০৩  

অনলাইনে প্রতারণার অভিযোগে ২৩০ জনের বেশি চীনা নাগরিককে গ্রেফতার করেছে শ্রীলঙ্কান পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এ তথ্য জানিয়েছেন। খবর সিএনএ।

বিজিথা হেরাথ বলেন. গত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ২৫০টি কম্পিউটার ও ৫০০টি মোবাইল ফোন জব্দ করা হয়। কী পরিমাণ অর্থ চুরি হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা (গ্রেফতার চীনা নাগরিকেরা) মূলত বিভিন্ন বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে টার্গেট করতেন।’ তাই এসব গ্যাংকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

কলম্বোর চীনা দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কান পুলিশের সঙ্গে বিশেষ অভিযান পরিচালনার জন্য তারা নিরাপত্তা বাহিনীর একটি দল পাঠিয়েছে।

চীনা দূতাবাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, বিপুলসংখ্যক সন্দেহভাজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ফেরত পাঠানো ও অন্যান্য প্রক্রিয়া চলমান।

উল্লেখ্য, অনলাইনে আর্থিক প্রতারণায় জড়িত থাকার অভিযোগ গত জুন মাসে অন্তত ২০০ সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কার পুলিশ। তাদের বেশির ভাগই ছিল ভারতীয় নাগরিক।

ডিবিটেক/বিএমটি